পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। সেই পোস্টের মন্তব্য ঘরে এসে সাবেক সহশিল্পী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি রসিক মন্তব্য ফের আলোচনায় এনেছে তাদের বহু পুরোনো ‘ইনোসেন্স’ বিতর্ক।
সম্প্রতি বোন ও মা-বাবাকে নিয়ে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন দেব। ওই পোস্টের মন্তব্যের ঘরে শুভশ্রী মজা করে লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’
শুভশ্রীর এই মন্তব্যের জবাবও দেন দেব। তিনি লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’
দুই তারকার এমন ভার্চুয়াল কথোপকথন নজরে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য।
একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক ছিল, যা সে সময় অনেকটাই আলোচিত ছিল। তবে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। এরপর বহু বছর পর দেব এক মন্তব্যে বলেছিলেন, ১৪ বছর আগের শুভশ্রীর সঙ্গে বর্তমান শুভশ্রীর অনেক পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্য ছিল, ‘শুভশ্রীর এখন আর সেই ইনোসেন্সটা নেই, দুই সন্তানের মা তিনি।’
দেবের ওই মন্তব্যে মন খারাপ করেছিলেন শুভশ্রী। সেই ঘটনার পর একসময় দেব তাঁর ফোন নম্বরও মুছে ফেলেছিলেন। ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক বা ডিলিট করে দেওয়া তাদের পুরোনো অভ্যাস ছিল বলেও দেব জানিয়েছিলেন। তবে এসব মান-অভিমানের মধ্যেও শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগ কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি বলে জানান তিনি।
পুরোনো সেই সম্পর্ক ও মান-অভিমান পেছনে ফেলে এবার আবারও পর্দায় একসঙ্গে ফিরছেন দেব-শুভশ্রী। আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’-এর। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। সেখানে দেব-শুভশ্রীর এই ‘পুনর্মিলন’-এর ইঙ্গিতও দেখা গেছে।
এবার কাজের প্রয়োজনে অতীতের বিষয়গুলো পেছনে ফেললেও সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে শুভশ্রীর সেই পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে আনা নতুন করে দুজনের হালকা খুনসুটির আবহ তৈরি করেছে। আর তা নিয়েই ফের সরগরম হয়ে উঠেছেন নেটিজেনরা।
জ/উ